
অভিনেতা সলমন খান এবং প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিকে খুনের হুমকি দেওয়ার ঘটনায় নয়ডা থেকে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
২০ বছর বয়সি ওই তরুণকে নয়ডার সেক্টর ৩৯ থেকে গ্রেফতার করা হয়েছে। সলমন খান এবং জিশানকে খুনের হুমকি এবং মোটা টাকা দাবি করার অভিযোগ উঠেছে তরুণের বিরুদ্ধে। মুম্বই পুলিশ ইতিমধ্যেই তাকে হেফাজতে নিয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত তরুণের নাম মহম্মদ তয়াব। ট্রানজিট রিম্যান্ডে মুম্বই নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। গত ২৫ অক্টোবর সলমন খান এবং জিশানকে খুনের হুমকি দিয়ে ওই তরুণ ফোন করে এবং মোটা টাকা দাবি করে বলে অভিযোগ সামনে এসেছে। বাবা সিদ্দিকি এবং তাঁর পরিবার সলমনের ঘনিষ্ঠ বলেই পরিচিত। বাবা সিদ্দিকিকে খুনের পর সলমন ঘনিষ্ঠ অন্যদেরও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিষ্ণোই গ্যাং। এরপরেই খুনের হুমকি পেয়েছেন মহারাষ্ট্রের বিধায়ক জিশান সিদ্দিকি। এরপরেই নয়ডার তরুণ ধরা পড়েছে। টাকা না দিলে দু’জনকেই শেষ করে দেওয়া হবে বলে হুমকি এসেছিল।
বাবা সিদ্দিকিকে খুনের ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
