
বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে গত তিন দিন ধরে উত্তরপ্রদেশের নয়ডার এক কারখানার শ্রমিকদের বিক্ষোভ চলছিল। সোমবার সেই বিক্ষোভ ভয়াবহ রূপ ধারণ করে।
রাস্তা অবরোধ করেন শ্রমিকেরা। ফলে বিপুল যানজটের সৃষ্টি হয়ে দিল্লি-নয়ডা সীমানায়। কয়েক কিলোমিটার জুড়ে গাড়ির দীর্ঘ লাইন পড়ে গিয়েছে। প্রথমে পুলিশ এসে অবরোধ তোলার চেষ্টা করে। কিন্তু শ্রমিকেরা স্পষ্ট জানিয়ে দেন, তাঁদের দাবি না মানা পর্যন্ত এই অবরোধ চলবে। জানা গিয়েছে, ফেজ ২ এলাকার সেক্টর ১ এবং ৮৪-তে মূলত শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন সোমবার সকাল থেকে। শ্রমিকদের অনেকে রাস্তা অবরোধ করেন। তার পরই ছবিটা পুরো বদলে যায়। বিক্ষোভকারী শ্রমিকদের হটাতে এলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে আরও পুলিশ আসে। কিন্তু তাতে পরিস্থিতি আরও বিগড়ে যায়। পুলিশকে লক্ষ্য করে শ্রমিকেরা ইট, পাথর ছুড়তে শুরু করে। পাল্টা পুলিশও লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
পুলিশ সূত্রে খবর, বিক্ষোভকারী শ্রমিকেরা পুলিশের গাড়ি-সহ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালান। আগুন ধরিয়ে দেওয়া হয়।
