স্টোভে বসানো সেদ্ধ ছোলা, বিষাক্ত ধোঁয়ায় মৃত ২ যুবক

0
128
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সিদ্ধ করতে স্টোভে ছোলা বসিয়ে ঘুমিয়ে পড়েছিলেন দুই যুবক। সকালে ঘর থেকে উদ্ধার করা হয়েছে তাঁদের নিথর দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নয়ডায়।
পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন উপেন্দ্র এবং শিবম। তাঁরা রাস্তার ধারে একটি খাবারের স্টল চালাতেন। সেখানে বিক্রি করতেন ছোলে-ভাটুরে এবং কুলচা। স্থানীয় সূত্রে খবর, স্টলে বিক্রির জন্যই রাতে ছোলা সিদ্ধ করতে বসিয়েছিলেন দুই যুবক। স্টোভ চালু রেখেই ঘুমিয়ে পড়ায় এই অঘটন। ছোলা পুড়ে গিয়ে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল ঘর। সকালে বাইরে থেকেও সেই ধোঁয়া দেখতে পান প্রতিবেশীরা। সন্দেহ হওয়ায় তাঁরা দরজা ভাঙেন এবং দু’জনকে ঘরের ভিতরে পড়ে থাকতে দেখেন। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
দু’জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সেই রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।