
নোমান আলির বয়স ৩৮ হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ পাবেন কিনা তা নিয়ে আশঙ্কা জেগেছিল। তবে ১৫ মাস পর সুযোগ পেয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
বিধ্বংসী বোলিংয়ে ইংল্যান্ডকে মাটিতে নামিয়েছেন বাঁহাতি স্পিনার।নোমানকে অবশ্য যোগ্য সঙ্গ দিয়েছেন আরেক স্পিনার সাজিদ খান।তিন টেস্টের সিরিজে শেষ দুই টেস্টে দুজনে মিলে ইংল্যান্ডকে ধসিয়ে দিয়েছেন। ৪০ উইকেটের মধ্যে ৩৯ উইকেট নিয়ে পাকিস্তানকে সিরিজেও জয় এনে দিয়েছেন তারা।দুই টেস্ট মিলে ২০ উইকেট নেন নোমান।সেই দুর্দান্ত পারফরম্যান্সের এবার স্বীকৃতি পেয়েছেন তিনি।স্পিনের মায়াজালে ইংল্যান্ডকে বেঁধে ফেলা নোমান অক্টোবর মাসের মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। ৩৮ বছর বয়সে এমন স্বীকৃতি পাওয়ায় রেকর্ডও গড়েছেন তিনি। সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে আইসিসির মাসসেরা হয়েছেন। এতদিন এই কীর্তি ছিল বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানের।
২০২৩ সালে মার্চ মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার সময় প্রাক্তন এক নাম্বার অলরাউন্ডার সাকিব-র বয়স ছিল ৩৬ বছর।








