
শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বিজনেস সামিট থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন, দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের মানুষও যাতে সহজেই দিঘার মন্দির দর্শনে যেতে পারেন, সেজন্য মঙ্গলবার উত্তরবঙ্গের ৬টি জেলা থেকে দিঘাগামী ৬টি ভলভো বাসের উদ্বোধন হতে চলেছে। মুখ্যমন্ত্রীর কথায়, উত্তরবঙ্গের কথাও সরকার ভাবে, তাই এই উদ্যোগ।উত্তরবঙ্গের বিজনেস সামিটে ৮টি জেলা থেকে একাধিক শিল্পপতি এবং উদ্যোগপতিরা উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে খবর, সামিটে ইথানল কারখানা, মাখনা, ভুট্টা প্রক্রিয়াকরণ, পর্যটন, চা শিল্পের আরও সম্প্রসারণ, শিল্পতালুক সহ কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেশ হতে পারে। মুখ্যমন্ত্রী বলেছেন, শিল্পের জন্য সরকারের নিজস্ব জমি ব্যাঙ্ক রয়েছে। প্রচুর দক্ষ শ্রমিকও রয়েছে। ছোট ছোট শিল্পেও অনেক কর্মসংস্থান হয়। তাই ভারী এবং ক্ষুদ্র দু’ ধরনের শিল্পে আমরা গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, আগামী জুলাইয়েই জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন হয়ে যাবে। এজন্য রাজ্যের ব্যয় হয়েছে ৫০১ কোটি টাকা।
মুখ্যমন্ত্রী বলেছেন, উত্তরবঙ্গের মানুষকে যেন কথায় কথায় না কলকাতায় যেতে হয়, তাই এই উদ্যোগ। ১২ জুলাই সম্ভবত উদ্বোধন হবে। তবে এটা হাইকোর্ট ঠিক করবে।






