ফুঁসছে নদী, রাস্তা-রেললাইন জলের তলায়, বাতিল ট্রেন

0
199
ছবি সৌজন্যে : নিজস্ব

ফুঁসছে তিস্তা-তোর্সা নদী, জলের তলায় ঘরবাড়ি, রাস্তা, রেললাইন। উত্তরবঙ্গজুড়ে বিপর্যয়ের ছবি। একরাতে ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে খবর। সমতল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে পাহাড়।

কোচবিহারের মাথাভাঙা, দিনহাটা, জলপাইগুড়ির নাগরাকাটা, ধূপগুড়ি কার্যত জলের তলায়। জল ঢুকে গিয়েছে বাড়িতে। জলের তলায় রেললাইন। এই পরিস্থিতিতে রেল পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়েছে। ডুয়ার্সের মালবাজার থেকে যে ট্রেন চলাচল করে সেগুলো ঘুরপথে চালানো হচ্ছে। কাঞ্চনকন্যা, মহানন্দা এক্সপ্রেস ঘুরপথে আলিপুরদুয়ার, কোচবিহারে যাচ্ছে।

বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। প্রবল বৃষ্টির জেরে বানারহাটেও রেললাইনে জল জমেছে। বাতিল করা হয়েছে নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল ট্রেন, রুট পরিবর্তন করা হয়েছে শিয়ালদহ-আলিপুরদুয়ার এক্সপ্রেসের। আলিপুরদুয়ার-দিল্লি রুটের মহানন্দা এক্সপ্রেসেও রুট পরিবর্তন করা হয়েছে।