
কোচবিহারে কর্মসূচিতে যাওয়ার পথে খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ভেঙে গিয়েছে শুভেন্দু অধিকারীর গাড়ির কাচ।
রাজ্যের বিরোধী দলনেতার কনভয়ে থাকা পুলিশের গাড়িরও কাচ ভেঙেছে। যে গাড়িতে শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক ছিলেন সেই গাড়িতেই ইট ছোড়া হয় বলে অভিযোগ। বুলেটপ্রুফ গাড়িতে ছিলেন বলে বেঁচে গিয়েছেন বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। মন্ত্রী উদয়ন গুহ-র নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। গাড়ির মধ্যে ঝান্ডার লাঠি দিয়ে আঘাত করা হয়। কালো পতাকা, গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপি বিধায়কদের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সেই সময় হামলা চালানো হয় বলে অভিযোগ। জলপাইগুড়িতে শুভেন্দু অধিকারীর কনভয় বেরিয়ে যেতেই গোবর-জল দিয়ে রাস্তা সাফাই করেছে টিএমসিপি।
কোচবিহারের শুভেন্দু অধিকারীর কর্মসূচির পাল্টা কর্মসূচি নেয় তৃণমূল। বিরোধী দলনেতার যাত্রাপথে ১৯ জায়গায় এনআরসি-র বিরোধিতায় প্রতিবাদ জমায়েত করে তৃণমূল।








