
ফেব্রুয়ারির শেষপ্রান্তে দাঁড়িয়ে রাজ্যজুড়ে বাড়ছে গ্রীষ্মের দাপট। সপ্তাহের শুরুতে কয়েক ঘণ্টার হালকা বৃষ্টি যদিও কিছুটা স্বস্তি এনে দিয়েছিল, কিন্তু তার প্রভাব বেশিক্ষণ স্থায়ী হয়নি।
ভ্যাপসা গরম ও আর্দ্রতার জেরে ফের নাজেহাল উত্তর ও দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন কোনও বড় পরিবর্তন নেই রাজ্যের আকাশে। ফলে বসন্ত উৎসব-দোলপূর্ণিমাও কাটবে গরমের মধ্যেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মার্চের প্রথম দিন থেকেই আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। কিন্তু ১ মার্চ, রবিবার থেকেই রাজ্যের বেশিরভাগ জায়গায় পারদ বাড়বে প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রায় এই বৃদ্ধি সবচেয়ে বেশি অনুভূত হবে।
উত্তরবঙ্গেও আগামী দুই-তিন দিনে আবহাওয়ার তেমন পরিবর্তন দেখা যাবে না। তবে পরবর্তী সময়ে সেখানেও তাপমাত্রা বাড়তে পারে ২-৩ ডিগ্রি। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে হালকা তুষারপাতের সম্ভাবনা।






