
শৈত্যপ্রবাহের দাপটে বিপর্যস্ত দিল্লি-সহ উত্তর ভারত। হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে ঘন ধোঁয়াশায় ঢেকেছে রাজধানী দিল্লি। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জারি হয়েছে কুয়াশার সতর্কতা।
সেখানে দৃশ্যমানতা নেমে গিয়েছে ৫০০ মিটারে। বাধ্য হয়ে প্রায় ৮৩টি বিমানের সময়সূচি বদলানো হয়েছে। আপাতত সতর্কতা মেনে সন্তর্পণে জারি রয়েছে বিমান পরিষেবা।বৃহস্পতিবার ভোরে দিল্লি এবং সংলগ্ন এলাকার তাপমাত্রা ছিল ৮.২ ডিগ্রি। শনিবার থেকে রাজধানীর তাপমাত্রা আরও কমবে।অন্যদিকে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু-কাশ্মীরে চলছে তুষারপাত এবং বৃষ্টি। আর দুর্যোগের জেরে সমস্যায় পড়েছেন পর্যটকেরা। বিশেষ করে হিমাচল প্রদেশে গত দু’দিন ধরে ভারী তুষারপাতের কারণে দুই শতাধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। বিভিন্ন রাস্তায় আটকে রয়েছেন পর্যটকেরা। আটকে রয়েছে বহু গাড়িও।তিনটি জাতীয় সড়ক-সহ হিমাচল প্রদেশের ২২৬টি রাস্তা বন্ধ। তারমধ্যে শিমলায় ১২৩টি, লাহুল ও স্পিতিতে ৩৬, কুলুতে ২৫টি রাস্তা বন্ধ। ঠান্ডার কারণে ১৭৩টি ট্রান্সফর্মার বিকল হয়ে যাওয়ায় রাজ্যজুড়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রাজ্যের কিছু জায়গায় বিশেষ করে শিমলায় আবার নতুন করে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
নতুন বছরেও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শৈত্যপ্রবাহ চলবে মন্জী, মানালি, উনা, হামিরপুর, সুরেন্দ্রনগরে।








