
প্রবল গরমে বিধ্বস্ত দিল্লি-সহ গোটা উত্তর ভারত।ইতিমধ্যে রাজস্থান, হরিয়ানার মতো রাজ্যের একাধিক জায়গার তাপমাত্রা ৫০ ডিগ্রি পার করেছে। সবচেয়ে খারাপ অবস্থা রাজধানীর।
সেখানকার তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৫২.৩ ডিগ্রি সেলসিয়াস। পিছিয়ে নেই বিহার, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলি। কয়েকদিনে শুধুমাত্র রাজস্থানে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১ জনের। পরিস্থিতি এতটাই গুরুতর যে খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছে সরকার।জানা গিয়েছে, রাজস্থানের চুরু শহরের তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৫০.৫ ডিগ্রি সেলসিয়াসে।সোমবার পর্যন্ত রাজস্থানের ১৩টি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। হরিয়ানার হিরসা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৫০.৩ ডিগ্রি। মধ্যপ্রদেশের ঝাঁসিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৯ ডিগ্রি। বিহারেও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঔরঙ্গাবাদে। সেখানকার তাপমাত্রা ৪৭.৭ ডিগ্রি।এদিকে, গরমে বুধবার বিহারের বেগুসরাইয়ে স্কুলের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে ১৮ জন পড়ুয়া। তড়িঘড়ি তাদের ভর্তি করা হয় হাসপাতালে।
