
শাসক দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন হাইপারসনিক গ্লাইড যান ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ,আইসিবিএম প্রদর্শন করেছে। এক সামরিক কুচকাওয়াজে এই অস্ত্র প্রদর্শিত হয়।
কুচকাওয়াজে প্রদর্শিত অস্ত্রগুলোর মধ্যে ছিল হোয়াসং-১১এমএ হাইপারসনিক অস্ত্র এবং হোয়াসং-২০ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেগুলোকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বর্ণনা করেছে দেশের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা হিসেবে। উল্লেখ্য,এই উদযাপনটি এমন এক সময় এলো, যখন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্প্রতি কূটনৈতিকভাবে বড় এক সাফল্য অর্জন করেছেন। তিনি গত মাসে বেজিং সফরে গিয়ে বিশাল চীনা সামরিক কুচকাওয়াজে অংশ নেন এবং সেখানে বিশ্বের দুই প্রভাবশালী নেতা চীনের শি চিনপিং ও রাশিয়ার ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়ানোর বিরল সুযোগ পান।
এদিকে বেজিং সফরের পর, কিম চীন ও উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো দৃঢ় করেছেন এবং নতুন উদ্যমে তার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেছেন।









