
নৌবাহিনীকে মজবুত করতে দেশীয় প্রযুক্তিতে অত্যাধুনিক রণতরী বানাচ্ছে উত্তর কোরিয়া। এমনই ছবি ধরা পড়েছে উপগ্রহচিত্রে। নাম্পো নৌসেনা ঘাঁটিতে সেই রণতরী বানানোর কাজ চলছে। উপগ্রহচিত্র প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে গিয়েছে।
আমেরিকার সিএসআইএস ৬ এপ্রিল একটি উপগ্রহচিত্র প্রকাশ করেছে। সেই উপগ্রহচিত্র প্রকাশ করে আমেরিকা দাবি করেছে, কিমের দেশের পশ্চিম উপকূলে নাম্পো নৌঘাঁটিতে একটি বিশালাকার নির্মীয়মাণ রণতরী দেখা গিয়েছে। রণতরীটিকে এমন ভাবে ঢেকে রাখা হয়েছে যাতে কারও নজরে না পড়ে। ৪৫৯ ফুট দৈর্ঘ্যের ওই রণতরী উত্তর কোরিয়ার নৌবাহিনীর রণতরীগুলির মধ্যে সবচেয়ে বড় অনুমান করা হয়েছে।
রণতরীর আকার যা, তাতে সন্দেহ করা হচ্ছে, এটি হেলিকপ্টার বহনক্ষম। যদি সত্যিই তা-ই হয়, তা হলে উত্তর কোরিয়ার নৌবাহিনীর তালিকায় এটি দ্বিতীয় রণতরী যা হেলিকপ্টার বহনক্ষম। সমুদ্র এবং স্থলে ক্ষেপণাস্ত্র দিয়ে সমান ভাবে হামলা করা যাবে, এমন ব্যবস্থাও না কি করা হয়েছে রণতরীতে।
