
ফের পর্যটকদের জন্য নর্থ সিকিমের পারমিট বাতিলের ঘোষণা করেছে প্রশাসন। শুক্রবার রাতভর বৃষ্টিতে প্লাবিত তিস্তা নদী। ধসের কবলে পড়েছে একের পর এলাকা। মঙ্গন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তর সিকিমের জন্য। ধসে বন্ধ হয়ে গেছে চুংথাং যাওয়ার রাস্তা।
সিকিম প্রশাসনের তরফে লাচুং, লাচেন-সহ গোটা উত্তর সিকিমের পারমিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিস্তা সংলগ্ন বাসিন্দাদের যে কোনও জরুরি পরিস্থিতিতে জেলা কন্ট্রোল রুম নম্বর-০৩৫৯২২০৪৯৯৫-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
বৃষ্টির জন্য উত্তর সিকিমের ফিন্দাং গ্রাম প্রায় বন্যা কবলিত। গত বৃহস্পতিবার উত্তর সিকিমের চুংথাং থেকে মুন্সিথাং যাওয়ার রাস্তায় দুর্ঘটনার কবলে পড়েছিল পর্যটকদের একটি গাড়ি। সেই গাড়িতে ওড়িশার বিজেপি নেত্রীর পরিবার ছিল বলে জানা গেছে। এক জনের মৃতদেহ উদ্ধার, বাকি দুজন হাসপাতালে ভর্তি। এখনও পর্যন্ত ৮ জনের কোনও খোঁজ মেলেনি।








