
নিউজার্সিতে নরওয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। প্রেস কনফারেন্স রুমের অর্ধেকেরও বেশি আসন ছিল খালি। তবে ব্রাজিলের সংবাদ সম্মেলনে ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র। শুরু হওয়ার আগেই প্রায় পুরো কক্ষ ভরে যায়। এবারের বিশ্বকাপে সবচেয়ে আলোচিত কোচদের একজন কার্লো আনচেলত্তি।
ক্লাব ফুটবলে অসাধারণ সাফল্যের পর তার হাতেই ব্রাজিলের দায়িত্ব তুলে দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। জাপানের বিপক্ষে তার কৌশলও দারুণ কার্যকর ছিল। টুর্নামেন্ট যত এগোচ্ছে, ততই ছন্দে ফিরছে ব্রাজিল। তবে নিজের দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন আনচেলত্তি। ১০ এর মধ্যে নম্বর দিতে বলা হলে তিনি বলেন, ৭। আরও উন্নতি করতে হবে।এরপর ম্যাচভিত্তিক মূল্যায়নও করেন তিনি, মরক্কোর বিপক্ষে ৫, স্কটল্যান্ডের বিপক্ষে ৫ এবং জাপানের বিপক্ষে ৬।আনচেলত্তিকে শুরুতেই লুকাস পাকেতাকে নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। সহজভাবে উত্তর দিয়েছেন কোচ, বাস্তবিকভাবে তার প্রকৃত বিকল্প নেই। প্রতিপক্ষ বিবেচনায় তার বিকল্প বেছে নেওয়ার চেষ্টা করব।৫ গোল করে নরওয়ের আর্লিং হালান্ড বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌঁড়ে। শুধু তাকে নয়। পুরো নরওয়েকে আটকাতে চান আনচেলত্তি।
নরওয়ের কোচ স্টেল সোলবাকেন প্রতিপক্ষকে নিয়ে কথা বলেছেন। তার মতে ব্রাজিল ফেভারিট। আর আনচেলত্তি বিশ্বের সেরা কোচদের একজন। এ নিয়ে ব্রাজিল কোচের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। তিনি বলেন, এটা তার বিনয়। মাঠে আমাদের কাজ সঠিকভাবে একশো ভাগ করতে হবে।
