
কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক তীব্র কটাক্ষপূর্ণ পোস্টে রাহুল গান্ধী ও তাঁর সোশাল মিডিয়া টিমের বিরুদ্ধে অজ্ঞতা এবং দায়িত্বজ্ঞানহীনতা-র অভিযোগ তুলেছেন।
উল্লেখ্য, বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশ সফরে গিয়েছেন। সেই নিয়ে আক্রমণ শানাতে গিয়েই রাহুল একটি পোস্ট করেছেন। ওই পোস্ট ঘিরেই বেঁধেছে বিতর্ক।মালব্য দাবি করেছেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সমালোচনা করতে গিয়ে রাহুল গান্ধীর টিম নরওয়ের পতাকার বদলে সুইডেনের পতাকা ব্যবহার করেছে। তাঁর বক্তব্য, এটাই বিরোধী দলনেতার দপ্তরের গবেষণার মান এবং খুঁটিনাটির প্রতি মনোযোগের স্তর। সোশাল মিডিয়ায় করা পোস্টে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য আরও লিখেছেন, রাহুল গান্ধীর উচিত অবিলম্বে তাঁর টিমের দায়িত্বপ্রাপ্তদের সরিয়ে দেওয়া, কারণ এই ধরনের ভুল বিরোধী দলনেতার ভাবমূর্তিকে আরও প্রশ্নের মুখে ফেলছে। কটাক্ষের সুরে তিনি মন্তব্য করেছেন, সম্ভবত দেশের সবচেয়ে অদক্ষ বিরোধী দলনেতা হিসেবেই রাহুল গান্ধী নিজেকে প্রতিষ্ঠিত করছেন।” অন্যদিকে, কংগ্রেস শিবির বিজেপির এই আক্রমণকে গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, প্রধানমন্ত্রী মোদির বিদেশ সফর ও তার ফলাফল নিয়েই মূল আলোচনা হওয়া উচিত, পতাকা বিভ্রাট নিয়ে নয়। ঘটনাটি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে উঠেছে।
উল্লেখ্য, সদ্যই নরওয়েতে সফর করেছেন প্রধানমন্ত্রী। সেই নিয়ে আক্রমণ শানাতে গিয়ে এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী লিখেছেন, মোদিজী, আপনি কি আদানির হয়ে অনুরোধ করতে নরওয়ে সফরে গিয়েছিলেন? ওরা কি আপনার কথা রেখেছে?





