
নিরাপত্তার জন্য আমেরিকার ওপর দীর্ঘদিনের একক নির্ভরতা কমিয়ে ইউরোপীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার অংশ হিসেবে এবার ফ্রান্সের পরমাণু ছাতার নিচে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে।
প্যারিসে এক বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরে যৌথভাবে এই ঐতিহাসিক আলোচনার কথা নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে উত্তর আটলান্টিক নিরাপত্তা বলয়,ন্যাটো এবং মার্কিন পরমাণু সুরক্ষার ওপর দৃঢ়ভাবে নির্ভরশীল থাকা নরওয়ের জন্য এই পদক্ষেপকে তাদের প্রতিরক্ষা কৌশলে এক বড় ধরনের নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। প্যারিসে অনুষ্ঠিত এক বৈঠকে ম্যাখো ও স্টোরে এই পরিকল্পনা ঘোষণা করেছেন। সেখানে তারা একটি বৃহত্তর প্রতিরক্ষা চুক্তিতেও স্বাক্ষর করেছেন।
এই চুক্তির আওতায় ফ্রান্সের নেতৃত্বাধীন পারমাণবিক অস্ত্র উদ্যোগে নরওয়ের যোগদানও অন্তর্ভুক্ত রয়েছে। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরে বলেছেন, নরওয়ের প্রাথমিক প্রতিরক্ষা ঢাল হিসেবে ন্যাটো জোট এবং আমেরিকাই বহাল থাকবে। তবে জোটের সামগ্রিক সুরক্ষায় ফ্রান্সের পারমাণবিক সক্ষমতাকে তিনি একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বর্ণনা করেছেন। এই নতুন পরিকল্পনার আওতায় নরওয়ে ফ্রান্সের ফরোয়ার্ড নিউক্লিয়ার ডিটারেন্স বা, অগ্রবর্তী পরমাণু প্রতিরোধ প্রক্রিয়ায় অংশ নেবে, যা ফরাসি পারমাণবিক প্রতিরক্ষা কৌশলে ইউরোপীয় অংশীদারদের আরো নিবিড়ভাবে যুক্ত করবে।






