ম্যাচের লভ্যাংশ প্যালেস্টাইনিদের দেবে নরওয়ে

0
126
ছবি সৌজন্যে : এক্স

নরওয়ে ফুটবল ফেডারেশন জানিয়েছে,প্যালেস্টাইনের গাজায় ইসরায়েলের হামলায় মানবিক বিপর্যয়ের শিকার হওয়া মানুষদের দেখে তারা নিশ্চুপ থাকতে পারে না। আর তাই ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের লভ্যাংশ গাজার মানুষদের সাহায্যে তুলে দিতে চায় নরওয়ে ফুটবল।

অসলোয় ১১ অক্টোবর ইসরায়েলের মুখোমুখি হবে নরওয়ে। নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস বিবৃতিতে বলেছেন,দীর্ঘদিন ধরে গাজার সাধারণ মানুষের ওপর যে একতরফা ভয়াবহ আক্রমণ চলছে এবং তাতে মানবিক বিপর্যয় দেখে তাঁরা কিংবা তাঁদের সংগঠন চুপ করে থাকতে পারে না।গাজায় প্রতিদিন জীবন বাঁচাচ্ছে এবং জরুরি সেবা দিচ্ছে এমন মানবতাবাদী সংগঠনকে তাঁরা দান করতে চান।উল্লেখ্য বিশ্বকাপ বাছাইয়ে নরওয়ে–ইসরায়েল ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে আগামী সপ্তাহ থেকে।এ ম্যাচের টিকিট বিক্রি করে নরওয়ে ফুটবল ফেডারেশন কী পরিমাণ অর্থ আয় করতে পারে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।অন্যদিকে ইসরায়েলি ফুটবল ফেডারেশন অবশ্য চুপ করে বসে থাকেনি। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে প্যালেস্টাইনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলা নরওয়ে ফুটবলকে স্মরণ করিয়ে দিয়ে বিবৃতি দিয়েছে তারা। বিবৃতিতে নরওয়ের প্রতি বলা হয়, নিশ্চিত করুন অর্থটা যেন কোনো সন্ত্রাসী সংগঠনের হাতে না পড়ে কিংবা তিমি শিকারে ব্যয় না হয়।উল্লেখ্য, তিমি শিকারের জন্য বিশ্বব্যাপী সমালোচনার সন্মুখীন হয়েছে নরওয়ে।নরওয়ে ফুটবল জানিয়েছে, ১১ অক্টোবর ম্যাচের নিরাপত্তা নিশ্চিতে উয়েফা ও স্থানীয় পুলিশের সঙ্গে তারা কাজ করছে।

উল্লেভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ, যার আসনসংখ্যা ২৬ হাজার। কিন্তু অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থার জন্য এই ম্যাচে তিন হাজার টিকিট কম ছাড়া হবে বলে ধারণা করা হচ্ছে।