কুকুরও শোনে না! মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর তোপে বিরোধীরা

0
19
ছবি সৌজন্যে : এক্স

বিরোধীদের তোলা প্রশ্নের জবাব না দিয়ে তাঁদের উদ্দেশে কুকথা বর্ষণের অভিযোগ উঠেছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীসের বিরুদ্ধে। যার জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মরাঠা রাজনীতিতে।

বিরোধী জোট মহাবিকাশ অঘাড়ীর শরিক কংগ্রেস এবং উদ্ধবসেনার পাশাপাশি ফডণবীসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, এমএনএস-র প্রধান রাজ ঠাকরেও। দিন কয়েকের বৃষ্টিতেই ধস নেমেছে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের মিসিং লিঙ্ক করিডরের একাধিক স্থানে। ১৮ ঘণ্টারও বেশি বন্ধ রাখতে হয়েছে যান চলাচল। অথচ চলতি বছরই ফডণবীস তাঁর এই স্বপ্নের প্রকল্পের উদ্বোধন করেছিলেন। কিন্তু প্রথম বৃষ্টিতেই করিডরের এমন বেহাল দশা নিয়ে বিজেপি সরকারের সমালোচনায় সরব হয় বিরোধীরা। তা নিয়ে বিধানসভায় প্রশ্নও তোলেন তাঁরা। কিন্তু জবাবি বক্ততায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অপশব্দ প্রয়োগ করেছেন বলেন অভিযোগ। বিরোধী বিধায়কদের উদ্দেশে মিথ্যাবাদী, দেশদ্রোহী, ভাড়াটে টাট্টু’র মতো বাছা বাছা শব্দ প্রয়োগের পাশাপাশি তাঁর মন্তব্য, আপনাদের কথা এখন কুকুরও শোনে না।

সোশ্যাল মিডিয়াই এখন আপনাদের একমাত্র ভরসা। কংগ্রেস এবং উদ্ধবসেনার অভিযোগ, প্রায় ৭০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মিসিং লিঙ্ক করিডরে নানা প্রযুক্তিগত ফাঁক রয়েছে। কিন্তু সেই ভুল-ত্রুটি নিয়ে জবাব না দিয়ে সমালোচকদের ব্যক্তিগত আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় বিরোধী বেঞ্চের দিকে নিশানা করে বলেছেন, এদের আচরণ দেখলে মনে হয়, এক কোটি মিথ্যাবাদীর মৃত্যুর পর জন্ম নিয়েছে। এমনকি, বিজেপি-শিন্দেসেনা-এনসিপি অজিত জোটের সরকার সমালোচকদের রেয়াত করবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস।