
শিল্প-বাণিজ্য সংস্থাগুলির সরাসরি পেট্রল পাম্প থেকে পেট্রল ও ডিজেল কেনার উপর বিধিনিষেধ আরোপ করল কেন্দ্রীয় সরকার। পরিবর্তে তাদের পাইকারি বিক্রয় কেন্দ্র থেকে পেট্রল-ডিজেল সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে এই বিধিনিষেধ, যা সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত কার্যকর থাকবে। বিশেষ করে ডিজেলের ক্ষেত্রে অস্বাভাবিক চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে দাবি কেন্দ্রের। যারা বেশি পরিমাণ ডিজেল কেনে তাদের ক্ষেত্রে তেলের দাম খুচরো গ্রাহকদের তুলনায় বেশ খানিকটা চড়া। তাই ওই ডিজেলের ক্রেতারা তুলনায় কম দামে সাধারণ পাম্প থেকে বেশি করে তেল কিনছেন বলে অভিযোগ উঠেছে। তারা মূল্য পার্থক্যের কারণে পেট্রল পাম্প থেকে জ্বালানি কিনতে শুরু করায় কিছু অঞ্চলে এই চাহিদা বৃদ্ধি দেখা গেছে।
কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, এভাবে আর পম্প থেকে তেল কিনতে পারবে না ওই ব্যবসায়ীরা। তাদের তেল কিনতে হবে সরাসরি রাষ্ট্রায়ত্ত সংস্থার পাইকারি তেল বিক্রয় কেন্দ্র থেকে। বিশ্বজুড়ে তেল সংকটের জেরে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম আকাশছোঁয়া। গত মাসে ৩ বার পেট্রল-ডিজেলের দাম বাড়িয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে প্রতিনিয়ত মোটা লোকসানের মুখে পড়তে হচ্ছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। বড় ব্যবসায়ীক সংস্থাগুলি যদি সরাসরি তেল সংস্থাগুলির কাছে থেকে তেল কেনে তাহলে তাঁদের লোকসানের পরিমাণ খানিকটা কমবে বলে মনে করা হচ্ছে।
