
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরান থেকে নয়, ভারত এখন থেকে তেল কিনবে ভেনেজ়ুয়েলার কাছে থেকে। উল্লেখ্য মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের থেকে উল্লেখযোগ্য পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করে না ভারত।
যদিও ট্রাম্পের দাবি নিয়ে ভারত এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি। খবর,ওয়াশিংটন ডিসি থেকে ফ্লোরিডা যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরানের থেকে তেল কেনার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেছেন। শুধু ভারত নয়, একই বন্ধনীতে রেখেছেন চিনকেও। তিনি বলেছেন, চিন আসুক, স্বাগত জানাচ্ছি। আমি চাই তেল নিয়ে একটা চুক্তি করুক তারা। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ভারতও আসছে। ইরানের পরিবর্তে ভেনেজ়ুয়েলার থেকে তেল কিনবে তারা। ইতিমধ্যেই চুক্তির বিষয়ে একটা ধারণা করে ফেলেছেন। তার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন, তিনিই এখন ভেনেজ়ুয়েলার সর্বময় কর্তা। তিনিই ডেলসি রদ্রিগেজ়কে ভেনেজ়ুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব সামলানোর অনুমতি দিয়েছেন।
উল্লেখ্য রাশিয়ার থেকে তেল কেনার কারণে এমনিতেই ভারতের উপর রুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শাস্তি হিসাবে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও চাপিয়েছেন তিনি। তবে বিগত বেশ কয়েক দিন ধরেই প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করে আসছেন, রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না। বিকল্প হিসাবে ভেনেজ়ুয়েলার নাম প্রস্তাব করেছে আমেরিকা।








