
লটারি নয়, দক্ষতার বিচারেই এইচ ১ বি ভিসা দেবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এইচ ১ বি ভিসার নিয়মে এবার বড়সড় রদবদল করা হয়েছে।
জানানো হয়েছে প্রচলিত লটারি পদ্ধতির পরিবর্তে এখন থেকে নতুন পদ্ধতিতে বিদেশি কর্মীদের বাছাই করে ভিসা দেবে মার্কিন প্রশাসন। বিদেশি কর্মীদের বেতন এবং দক্ষতার বিচারে বেছে নেওয়া হবে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ভিসার নিয়মে বদলের কথা ঘোষণা করেছে। জানানো হয়েছে এবার থেকে দক্ষতা এবং উচ্চহারে বেতনই অগ্রাধিকার পাবে ভিসা পাওয়ার ক্ষেত্রে।
কোনও বিদেশিকে এইচ ১বি ভিসা দেওয়ার আগে দেখা হবে তাঁর দক্ষতা এবং তিনি কত বেতন পাবেন। সেই বিচারে যাঁদের দক্ষতা এবং বেতন দুইই বেশি তাঁরা আগে সুযোগ পাবেন। প্রশাসনের তরফে বলা হয়েছে এই পদক্ষেপের ফলে আমেরিকানদের নিজের দেশে কাজের সুযোগ এবং পরিবেশ আরও সুরক্ষিত হবে। ২০২৬-র ২৭ ফেব্রুয়ারি থেকে ভিসার এই নতুন নিয়ম চালু হবে।
