
এবার থেকে জেড প্লাস নিরাপত্তাপ্রাপ্ত প্রাক্তন উপপ্রধানমন্ত্রী এলকে আডবাণী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ ন’জন ভিভিআইপি আর ব্ল্যাক ক্যাট কমান্ডো বাহিনীর বা এনএসজি-র নিরাপত্তা পাবেন না।এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এনএসজির পরিবর্তে সিআরপিএফের বিশেষ দল আগামী মাস থেকে ওই ন’জন ভিভিআইপির নিরাপত্তার দায়িত্ব পালন করবে বলে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে।এনএসজি প্রত্যাহারের তালিকায় রয়েছেন, প্রাক্তন উপপ্রধানমন্ত্রী এলকে আডবাণী, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান চন্দ্রবাবু নায়ডু, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিএসপি সভানেত্রী মায়াবতী, জম্মু-কাশ্মীরের শাসকদল ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং এবং জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলত্যাগী কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ।প্রসঙ্গত, দেশের ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্ব থেকে এনএসজিকে সরিয়ে দেওয়ার বিষয়ে বছর চারেক আগে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছিল, ব্ল্যাক ক্যাট কমান্ডোদের পুরোপুরি জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অপারেশনে ব্যবহারের উদ্দেশ্যেই এই পদক্ষেপ। ভিভিআইপি নিরাপত্তার বিষয়টি সামলানোর জন্য ইতিমধ্যেই সিআরপিএফের ভিআইপি সিকিউরিটি উইং-এর একটি ব্যাটালিয়ন গড়া হয়েছে বলে নর্থ ব্লক সূত্রের খবর।
ছবি সৌজন্যে : এক্স








