
ছাব্বিশের আগে আবারও দলের অস্বস্তি বাড়ালেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। ফেসবুক পোস্টে বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী লিখেছেন বিজেপির সভায় আমন্ত্রণ না পাওয়াটা স্বাভাবিক, কিন্তু তৃণমূলের সভায় না ডাকাটাও যে কাকতালীয় নয়, তার ব্যাখ্যা দিয়েছেন বিস্তারে।
তাঁর দাবি সাড়ে ৪ বছরে বলাগড়ে যে কাজগুলো তিনি করেছেন, তা অনেক নেতার কাছে সুখকর ছিল না। ত্রিপল, কম্বল, কাপড় সরকারি ত্রাণ সামগ্রী আঞ্চলিক নেতাদের হাতে না দিয়ে নিজে ঘুরে গরিব মানুষের কাছে বিলি করেছেন। এরপরেই খোঁচা দিয়ে লিখেছেন নেতাদের হাতে ৫০টা দিলে ৪০টা রেখে ১০টা বিলির যে সুখ, তা থেকে তিনি তাদের বঞ্চিত করেছেন। এটাই তাঁর অপরাধ। অবৈধ মাটি উৎখনন ও বালি পাচারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের কথাও তুলে ধরেছেন বিধায়ক। তাঁর দাবি আগে যেখানে বছরে মাটি রাজস্ব ২০-২৫ লাখ টাকার বেশি জমা পড়ত না, সেখানে তাঁর উদ্যোগে সেটা বেড়ে হয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা। যে টাকা নেতাদের পকেটে যেত, সেটাকেই সরকারের ঘরে জমা দিতে বাধ্য করেছেন। ফলে তার কাজে তাবড় তাবড় নেতারা ক্ষুব্ধ।
তিনি মঞ্চে উঠলে কী বলে ফেলবেন, তার ভয় আছে। তাতে ওঁরা বিড়ম্বনায় পড়বেন। শেষে তিনি লিখেছেন বিধায়ক না হলেও জনসেবার জন্য তাঁর কাছে আরও অনেক প্ল্যাটফর্ম রয়েছে।




