
দিল্লির রাজৌরি গার্ডেন এলাকায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে গুরুতর জখম হয়েছে এক দুষ্কৃতী। গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত বিনয় ওরফে মোটার নামে ডাকাতি সহ ৫০ টি মামলা রয়েছে বলে খবর।
বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজৌরি গার্ডেন এলাকায় বিনয়ের খোঁজে যায় পুলিশের একটি দল। পুলিশকে দেখেই পালানোর চেষ্টা করে বিনয়। তাকে আত্মসমর্পণ করতে বললে গুলি ছুড়তে থাকে সে। পাল্টা গুলি চালাতে শুরু করে পুলিশও।
দু পক্ষের গুলির লড়াইয়ে দুষ্কৃতীর পায়ে গুলি লাগে। তারপরই তাকে গ্রেফতার করা হয়েছে। দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার বিচিত্র বীর জানিয়েছেন, দুষ্কৃতীর বাড়ির নজফগড়ে। তার বিরুদ্ধে ৫০ টি ফৌজদারি মামলা রয়েছে। এছাড়াও ২০২১ সালে স্পেশ্যাল সেলের সঙ্গে গুলির লড়াইয়ে নাম জড়িয়েছিল তার। পুলিশের খাতায় ওয়ান্টেড ছিল ওই দুষ্কৃতী।
