
মাওবাদী সংগঠনের প্রধান কমান্ডার বাসবরাজুর মৃত্যুর পর এবার যৌথবাহিনীর গুলিতে নিকেশ হয়েছে আরেক কুখ্যাত মাওবাদী নেতা পাপ্পু লোহারা। তাঁর মাথার দাম ছিল ১০ লক্ষ। জানা গিয়েছে, লাতেহারে অভিযানে নামে নিরাপত্তাবাহিনী।
সেখানেই মাওবাদী গোষ্ঠী ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদের মাথা পাপ্পু লোহারাকে খতম করে জওয়ানরা। নিকেশ হয়েছে তার সহযোগী প্রভাত গঞ্জুও। যার মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। এই দলেরই আরেক সদস্যকে জখম অবস্থায় গ্রেফতার করা হয়েছে।
তার কাছ থেকে ইনসাস রাইফেল ও অন্যান্য অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। ছত্তিশগড়ের পাশাপাশি ঝাড়খণ্ডের একাধিক জেলায় চিরুনি তল্লাশি চলছে। বুধবার ছত্তিশগড়ের বস্তারে মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। এই মাও নেতার মৃত্যুর পর কে সংগঠনের শীর্ষ পদে বসে সে দিকে নজর রেখেছে গোয়েন্দারাও।
