
দ্য বেঙ্গল যাইলস লঞ্চ নিয়ে তুলকালাম হয়েছে রাজ্য রাজনীতি। সেই আবহে আর জি কর হাসপাতালের দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে আর জি কর ফাইলস আনছেন আখতার আলি।
আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিই প্রথম প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। এজন্য তাঁকে কোচবিহারের কালিয়াগঞ্জে ট্রান্সফার করে দেওয়ার অভিযোগ ওঠে। সেই আখতার আলিই আর জি কর হাসপাতালের ঘটনাবলি নিয়ে দুই মলাটের বই লিখেছেন। ওই বইয়ে হাসপাতালের দুর্নীতির কথা তুলে ধরেছেন বলে জানিয়েছেন তিনি। ২০২১-এ সন্দীপ ঘোষ যখন আর জি করে অধ্যক্ষ হিসেবে যোগ দেন তারপর থেকে এখানকার অগ্রগতি কীভাবে থমকে গিয়েছিল, কীভাবে দুর্নীতি বাসা বেঁধেছিল হাসপাতালে তা তিনি এই বইয়ে উল্লেখ করেছেন। নিজের বই আর জি কর হাসপাতালের নিহত চিকিৎসককে উৎসর্গ করেছেন। তবে অনুমতি ছাড়া বইপ্রকাশ করতে পারেন না সরকারি কর্মী।
আর জি কর ফাইলস প্রকাশ করতে চেয়ে স্বাস্থ্যভবনের সিনিয়র স্পেশাল সেক্রেটারির কাছে আবেদন করেছেন আখতার আলি।
