
দেবী কালীর এবং কামাখ্যা ভূমিকে যুক্ত করেছে বন্দে ভারত স্লিপার। মালদা টাউন স্টেশন থেকে দেশের প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত ট্রেনের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন এখন বিদেশিরাও ভারতীয় ট্রেনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। মালদা থেকে এই ট্রেনযাত্রা শুরু করায় এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে। এরফলে মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই বাংলার যুবসমাজের সামনে নতুন সুযোগের দরজা খুলবে। তিনি আরও বলেছেন একটা সময় বিদেশে দ্রুতগামী, আধুনিক ট্রেনের ছবি দেখে আক্ষেপ হত, এখন ভারতের ট্রেনের ভিডিও বিদেশিরাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। প্রধানমন্ত্রী আরও বলেছেন বন্দে ভারত সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি।
দেশের শ্রম ও দক্ষতার ফলেই এটা সম্ভব হয়েছে। রবিবার হুগলির সিঙ্গুরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে উন্নয়নমূলক প্রকল্পের জন্য প্রায় ৮৩০ কোটি টাকার শিলান্যাস করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সিঙ্গুরে বলাগড় এক্সটেন্ডেড পোর্ট গেটের শিলান্যাস, জয়রামবাটী-বড়গোপীনাথপুর-ময়নাপুর নতুন রেললাইন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
