
প্রধানমন্ত্রীর ক্ষমাপ্রার্থনার পর এবার কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আয়ুষ্মান ভারত কার্ড চালু করবেন, প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন অন্তত প্রবীণ মানুষদের কথা ভেবে মুখ্যমন্ত্রীর এই কার্ড চালু করা উচিত।
শুভেন্দু অধিকারীর কথায় স্বাস্থ্যসাথী কার্ডে পশ্চিমবঙ্গের বাইরে কোথাও চিকিৎসা হয় না। এমনকি এরাজ্যের নার্সিংহোমগুলোও নিতে চায় না। ভেলোর সিএমসি বা মুম্বইয়ে টাটা ক্যানসার হাসপাতাল দেশের কোনও বড় হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড চলে না। এবার অন্তত ত্রুটি মেনে নিয়ে রাজ্যে আয়ুষ্মান কার্ড চালু হোক এমনটাই চান শুভেন্দু অধিকারী। শুভেন্দু যদিও বিজেপিকে জবাব দিতে সময় নেয়নি তৃণমূল। দলের সাংসদ ডেরেক ওব্রায়েন সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন আয়ুষ্মান ভারত প্রকল্পের ২ বছর আগে বাংলায় স্বাস্থ্যসাথী প্রকল্প শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার যে বর্ধিত পরিষেবা আয়ুষ্মান ভারতে শুরু হয়েছে, তাও বাংলায় আগের থেকেই রয়েছে। এর মানে একটাই এগিয়ে বাংলা। তৃণমূলের তরফেও পোস্টে কেন্দ্রের বকেয়া তুলে ধরে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় রাজ্যের ১০০ শতাংশ মানুষ রয়েছে তা তুলে ধরা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে রাজ্যের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার ৭০ ঊর্ধ্ব প্রবীণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা প্রকল্প উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেছেন এই প্রকল্প রূপায়িত করতে না পারার জন্য তিনি পশ্চিমবঙ্গ এবং দিল্লির প্রবীণদের কাছে ক্ষমাপ্রার্থী।






