
আসন্ন বিহার বিধানসভা ভোটের আসন বণ্টন নিয়ে দিল্লিতে বৈঠকে বসেছে ইন্ডি জোট। সূত্রের খবর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে চলছে হাইপ্রোফাইল বৈঠক।
সেখানে রয়েছেন রাহুল গান্ধী এবং আরজেডি-র প্রতিনিধি তেজস্বী যাদবও। এর আগে বিহারের কংগ্রেস সভাপতি কৃষ্ণ আল্লাভারুর সঙ্গে বৈঠক করেছেন একাধিক শীর্ষ আরজেডি নেতা। জানা গিয়েছে, কংগ্রেস কমপক্ষে ৬০টি আসনের দাবি জানিয়েছে। যদিও আরজেডি এতগুলি আসন ছাড়তে রাজি নয়। রাজ্যের কংগ্রেস নেতারা অবশ্য বলছেন, ইতিমধ্যে আসন সমঝোতায় নরম হয়েছে রাহুল গান্ধীর দল। কারণ বিহারের বিগত বিধানসভা ভোটে ৭০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল দলটি। মল্লিকার্জুন খাড়গের বাড়িতে কংগ্রেস এবং আরজেডির হাই কমান্ডের বৈঠকে কী রফা হয় সেটাই দেখার। অন্যদিকে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ও জেডিইউ সমান সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে।
দুই দলই ১০১টি করে আসনে প্রার্থী দেবে। রবিবার এই আসনরফা ঘোষণা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।








