
এবার কলকাতা পুরসভা এলাকায় আধকাঠা বা তারও কম জমিতে বাড়ি তৈরি করার ছাড় দিয়েছে রাজ্য সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সংশোধন করা হয়েছে বিল্ডিং রুলস।
নতুন নিয়মে ৫০০ স্কোয়ার ফিট জায়গাতেও বাড়ি তৈরির অনুমতি মিলবে। এমনটাই জানিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, এত দিন পর্যন্ত ছোট জমিতে বাড়ি করার পরিকল্পনা অনুমোদন দিতে পারছিল না পুরসভা। নিয়মে হাত বাঁধা ছিল। সেই বাধা এবার কাটল। ফিরহাদ হাকিম বলেছেন, বাড়ির একাংশ যেন পাশের বাড়ির গায়ে না লাগে, সেই দিকে নজর দেবে পুরসভা। যদিও ছাড়ের পরিমাণ কিছুটা কম হবে সাধারণ নিয়মের তুলনায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পুরো প্রক্রিয়াটি হবে অনলাইনে।
মিউটেশন, কনভার্সন-সহ সমস্ত আইনি কাজ নিয়ম মেনেই করতে হবে। আর সেই সবপত্র ঠিকঠাক থাকলে ১৫ দিনের মধ্যেই মিলবে নির্মাণের ছাড়পত্র। তবে বড় বাড়ির ক্ষেত্রে পুরনো নিয়মই বহাল থাকবে।







