
মেয়েদের রক্ষার্থে ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে এনআরসি কার্যকর করা হবে। এমনটাই জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে কৃষিমন্ত্রী বলেছেন, অনুপ্রবেশের জেরে সাঁওতাল পরগণায় আদিবাসীদের সংখ্যা ৪৪ শতাংশ থেকে কমে ২৮ শতাংশ হয়ে গিয়েছে। এই নির্বাচন শুধু সরকার গড়ার বা নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করার নয়। এই নির্বাচন ঝাড়খণ্ডকে রক্ষা করার। বেটি, মাটি ও রোটি রক্ষার। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও তাঁর দল ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা ভোট ব্যাঙ্কের রাজনীতি করার জন্য অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছে।অনুপ্রবেশকারীরা এখানে এসে সহজে আধার কার্ড পেয়ে যাচ্ছে। অল্পবয়সী মেয়েদের প্রলোভন দেখিয়ে তাদের বিয়ে করছে, তাদের নামে জমি কিনছে। এই ঘটনা দেশের জন্য ভয়ংকর। এই সমস্যা দূর করতে রাজ্যে এনআরসি প্রয়োজন। বিজেপি ক্ষমতায় এলে ঝাড়খণ্ডে এনআরসি কার্যকর হবেই। এবং প্রতিটি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে রাজ্য থেকে তাড়ানো হবে।








