দিনহাটার বাসিন্দাকে এনআরসি-র নোটিশ

0
457
ছবি সৌজন্যে : নিজস্ব
উপযুক্ত নথি দেখানোর সময়সীমা বেঁধে দিয়ে দিনহাটার বাসিন্দাকে এনআরসি-র নোটিশ ৷ সেই নোটিশ হাতে পেয়েই আতঙ্কে ঘুম উড়েছে চৌধুরীহাটের সাদিয়ালের কুঠি এলাকার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী৷
অসম সরকারের তরফে উত্তমকে এই নোটিশ পাঠানো হয়েছে৷ সেখানে বলা হয়েছে, ১৫ জুলাইয়ের মধ্যে উপযুক্ত নথি দেখাতে না-পারলে তাঁকে অনুপ্রবেশকারী হিসেবেই চিহ্নিত করা হবে ৷ এনআরসি-র নোটিশে যা লেখা রয়েছে, গত জানুয়ারি মাসে পুলিশ প্রশাসন মারফত উত্তমের বাড়িতে এনআরসি সংক্রান্ত একটি চিঠি পৌঁছয় । চিঠিটি তিনি প্রতিবেশীদের দেখানোর পর জানতে পারেন, অসম সরকার তাঁকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে নোটিশটি পাঠিয়েছে । চিঠিতে উল্লেখ রয়েছে, তিনি নাকি ১৯৬৬ সাল থেকে ১৯৭১ সালের মধ্যে অবৈধভাবে অসম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন ৷ সেই থেকে অবৈধভাবে দিনহাটা মহকুমার চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের সাদিয়ালের কুঠিতে বসবাস করছেন। এছাড়াও নোটিশটিতে উল্লেখ রয়েছে, পুলিশ ভেরিফিকেশনে উত্তম বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ৷ তাই তাঁকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
তিনি বলেছেন, বিজেপি বাঙালি বিরোধী । তাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। পালটা আক্রমণ শানিয়েছে বিজেপিও । বিজেপি বিধায়ক সুশীল বর্মন বলেছেন, এটা তৃণমূলের অপপ্রচার। রাজ্য সরকারের দোষে এমনটা হচ্ছে।