
সালিশি সভা থেকে অপহরণ করে মুক্তিপণ চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সিভিক ভলান্টিয়ার তৃণমূল নেতার বিরুদ্ধে। মালদহের হরিশচন্দ্রপুরের ঘটনায় শোরগোল পড়েছে।
অভিযুক্ত তারিক আনোয়ার রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের ঘনিষ্ঠ বলে দাবি বিজেপির। জানা গিয়েছে হরিশচন্দ্রপুরের নারায়ণপুরের বাসিন্দা গোলাম রসুলের সঙ্গে বিহারের পূর্ণিয়ার রিজওয়ানা পারভিনের বিয়ে হয় মাস কয়েক আগে। কিন্তু দাম্পত্যের শুরুতেই অশান্তি হওয়ায় রিজওয়ানের বাপের বাড়ির লোকজন সালিশি সভা ডাকেন। ২৩ অগাস্ট বিহারে সেই সালিশি সভা বসে। সেখানে হাজির হন হরিশচন্দ্রপুর থানার সিভিক ভলান্টিয়ার তথা তৃণমূল নেতা তারিক। অভিযোগ সালিশিতে মধ্যস্থতা না হওয়ায় থানায় নিয়ে যাওয়ার নাম করে গোলামকে অপহরণ করেন অভিযুক্ত তারিখ। এরপর ২ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরিস্থিতি দেখে আনোয়ারের পরিবার এবং শ্বশুরবাড়ির লোকজন অপহরণের অভিযোগ করেন। শেষপর্যন্ত বিহার থেকে গোলামকে উদ্ধার করে পুলিশ। থানায় অভিযোগ হয়েছে জানতে পেরে হুমকি দিতে থাকেন তারিক।
গোলামের দাদার দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তারিক আনোয়ারের বিরুদ্ধে। সিভিক ভলান্টিয়ার তারিকের সঙ্গে নাম জড়ানোয় মন্ত্রী তাজমুল বলেছেন অভিযোগ থাকতেই পারে, তবে তার প্রমাণ থাকতে হবে।
