
ইরান, রাশিয়া এবং চীনের কূটনীতিকরা বেজিংয়ে তেহরানের পারমাণবিক সমস্যা নিয়ে আলোচনার জন্য একত্রিত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনা শুরু করার জন্য মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটি, কয়েক দিন পর এই খবর প্রকাশিত হলো।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, তেহরানের পারমাণবিক ইস্যুতে চীন, রাশিয়া এবং ইরানের মধ্যে বেজিংয়ে বৈঠক হচ্ছে। চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওসু ওই বৈঠকে সভাপতিত্ব করেছেন।
একই দিন নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। ওই বৈঠকে ইরানের ইউরেনিয়াম মজুদ সম্প্রসারণের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।উল্লেখ্য,২০১৫ সালে ইরান, আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছিল এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়।কিন্তু ২০১৮ সালে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের এক বছর পর, তিনি চুক্তি থেকে বেরিয়ে আসেন। এরপর গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন,তিনি ইরানের নেতাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
যেখানে ইসলামী প্রজাতন্ত্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। কারণ পশ্চিমী দুনিয়া আশঙ্কা করছে, ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে।কিন্তু ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, হুমকি থাকা সত্ত্বেও তিনি আমেরিকার সঙ্গে আলোচনা করবেন না।এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন।








