
সাম্প্রতিক ইজরায়েলের হামলায় ইরানের পরমাণু কেন্দ্রের ধ্বংসস্তূপের নীচে এখনও সমৃদ্ধ পারমাণবিক উপাদান রয়ে গিয়েছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এ কথা জানিয়েছেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে আরাঘচি বলেছেন, ইরানের সমস্ত উপকরণ বোমায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর ধ্বংসস্তূপের নীচে পড়ে আছে।
ইরানের পারমাণবিক শক্তি সংস্থা ওই মজুদের অবস্থা কেমন ও সেখানে পরিদর্শকরা নিরাপদে প্রবেশ করতে পারবেন কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। মঙ্গলবার ইরান ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা একটি নতুন সহযোগিতা কাঠামোতে সম্মত হওয়ার পর তিনি এই মন্তব্য করেছেন। গত জুনে ইজরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে ইজরাইল ও আমেরিকা হামলা চালিয়েছিল। এর ফলে তেহরান আইএইএর সঙ্গে সম্পর্ক স্থগিত করে।
ইরান অভিযোগ করে বলে, আইএইএ এই হামলার যথাযথ নিন্দা জানায়নি। আরাঘচি সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন, নতুন কাঠামো অনুসারে রাষ্ট্রপুঞ্জের পারমাণবিক পরিদর্শকরা ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদনের পরেই প্রবেশাধিকার পাবে।






