ইরানে ধ্বংসস্তুপের নিচে পারমাণবিক উপাদান

0
112
ছবি সৌজন্যে : এক্স

ইসরাইলের সঙ্গে ইরানের সাম্প্রতিক যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে সমৃদ্ধ পারমাণবিক উপাদান এখনও রয়ে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, তাঁদের সমস্ত উপকরণ বোমায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থা ওই মজুদের অবস্থা কেমন ও সেখানে পরিদর্শকরা নিরাপদে প্রবেশ করতে পারবেন কিনা তা যাচাই করে দেখছে।উল্লেখ্য ইরান ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ,আইএইএ একটি নতুন সহযোগিতা কাঠামোতে সম্মত হওয়ার পর তিনি এই মন্তব্য করেছেন। এর আগে,জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরাইল ও আমেরিকা হামলা চালায়। এর ফলে তেহরান আইএইএর সঙ্গে সম্পর্ক স্থগিত করে।ইরান অভিযোগ করে বলে, আইএইএ এই হামলার যথাযথ নিন্দা জানায়নি।এর পর আরাঘচি সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন, নতুন কাঠামো অনুসারে রাষ্ট্রসংঘের পারমাণবিক পরিদর্শকরা ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদনের পরেই প্রবেশাধিকার পাবে।তিনি জানিয়েছেন,এই চুক্তিটি পারমাণবিক ভবনগুলোকে দু’ ভাগে বিভক্ত করেছে, যেগুলোতে হামলা হয়েছে এবং যেগুলো অক্ষত রয়েছে, যেমন দক্ষিণের বুশেহর চুল্লি।আরাঘচি বলেছেন, অক্ষত ভবনগুলোতে পরিদর্শকদের প্রবেশাধিকারের বিষয়টি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বিবেচনা করবে।তিনি আরো বলেছেন, তবে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর পরিস্থিতি অনেক বেশি জটিল।এদিকে,আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, চুক্তিতে ইরানের সব ভবন ও সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে এবং পরিদর্শন কীভাবে হবে তার নিয়ম-কানুনও স্পষ্ট করা হয়েছে।

উল্লেখ্য,গ্রোসি জুনের শেষের দিকে বলেছিলেন, ইসরাইলের সঙ্গে যুদ্ধের পর থেকে ইরানের সমৃদ্ধ পারমাণবিক উপাদানের অবস্থান জানা যায়নি।সংস্থাটি সম্প্রতি এক রিপোর্টে জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার প্রথমদিন অর্থাৎ ১৩ জুন পর্যন্ত ইরানের কাছে প্রায় ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল যা ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা ছিলো।