
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেল বাংলাদেশ রূপপুর পরমাণুকেন্দ্রের সরঞ্জাম। অগ্নিকাণ্ডের নেপথ্যে কোনও নাশকতার ছক ছিল কিনা তা ইতিমধ্যেই খতিয়ে দেখা শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
চিফ এডভাইজরি গভর্মেন্ট অফ বাংলাদেশের তরফে বিবৃতি জারি করে জানিয়েছে, যদি কোনও নাশকতা বা ইচ্ছাকৃত ভাবে আগুন লাগানোর বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়, তবে অবশ্যই তার বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ করা হবে। জানা যাচ্ছে , বিমানবন্দরের যে অংশে আগুন লেগেছিল সেই অংশে পরমাণুকেন্দ্রের জন্য ৬ দিন আগে রাশিয়া থেকে আমদানি করা ১৮ টন বৈদ্যুতিক পণ্য রাখা ছিল।
পণ্যগুলি খালাস হওয়ার জন্য পরমাণু শক্তি কমিশন থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ নিতে হয়। ওই প্রক্রিয়ায় দেরি হওয়ার কারণে গত বৃহস্পতিবার পর্যন্ত পণ্য খালাস করা যায়নি। রবিবার সেগুলি খালাস হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সব আগুনে পুড়ে যায়।








