
ভারতের তরফে বারবার তাঁর দাবি খারিজ করা হলেও ফের একবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, তাঁর নেতৃত্বেই সম্ভব হয়েছে ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি। নাহলে মাত্র এক সপ্তাহের মধ্যে পরমাণু যুদ্ধে লিপ্ত হত দুই দেশ। সম্প্রতি হোয়াইট হাউসে বক্তব্য রাখতে গিয়ে নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরে আত্মপ্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেছেন, এখনও পর্যন্ত যুদ্ধ থামাতে সবদিক থেকে সফল। ভারত ও পাকিস্তানের মধ্যে চলা যুদ্ধের কথাই ভাবুন। পরিস্থিতি যে পথে এগোচ্ছিল, তাতে এক সপ্তাহের মধ্যেই দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেত। পরিস্থিতি অত্যন্ত খারাপ ছিল। আমেরিকা বাণিজ্য অস্ত্র ব্যবহার করে এই যুদ্ধ থামিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, যতক্ষন না যুদ্ধ থামছে। বাণিজ্য নিয়ে কোনও আলোচনা হবে না।
চাপের মুখে পড়ে ভারত-পাকিস্তান যুদ্ধ থামাতে বাধ্য হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই দাবি অবশ্য প্রথমবার নয়, ভারত-পাক সংঘর্ষবিরতির দিন থেকেই এই বিষয়ে কৃতিত্ব দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও ভারত সরকারের একাধিক প্রতিনিধি, এমনকী খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির কথাই বলেন। তৃতীয়পক্ষ মধ্যস্থতা করেননি বলেও জানান।








