
ফুটবলের প্রতি ডিয়োগো জোতার ভালোবাসার কোন কমতি ছিল না। দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ভার্চুয়াল জগতের ফুটবলেও তিনি ছিলেন অপ্রতিরোধ্য।এমনকি মাঠের গোলের পর ঘাসে বসে দিতেন ট্রেডমার্ক,ভিডিও গেম সেলিব্রেশন। এ থেকেই অনুমান করা যায় ভিডিও গেমের প্রতি কতটা আসক্ত ছিলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
বলা হয়,জনপ্রিয় ভিডিও গেম ফিফা-তে তিনি ছিলেন বিশ্বসেরা। ২০২১ সালে প্লেস্টেশন-এর,ফিফা ২১ চ্যাম্পিয়নস লিডারবোর্ডে তিনি ছিলেন এক নাম্বারে। এর আগে, ২০২০ সালের কোভিড মহামারির সময় জোতা উলভসের ই-স্পোর্টস টিমের হয়ে জিতেছিলেন ফিফা-২০,ইপ্রিমিয়ার লিগ ইনভাইটেশনাল। সেখানে তিনি ফাইনালে হারান তার লিভারপুল সতীর্থ ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে।
ফিফা ২৩-এ তিনি ছিলেন ইউরোপের শীর্ষ রেজিস্টার্ড খেলোয়াড়দের একজন, যার ফলে প্লেস্টেশনে তিনি ই-চ্যাম্পিয়নস লিগ খেলার যোগ্যতা অর্জন করেন। ২০২১ সালে লিভারপুল তারকা জোতা নিজের নামে গঠন করেন একটি ই-স্পোর্টস দল। পরে ২০২৩ সালে সেটি পুনরায় নামকরণ করা হয়,লুনা গ্যালাক্সি।
