
বুধবার রাত ৮টায় নাইট ডিউটিতে যোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকেই উদ্ধার হয়েছে নার্সের ঝুলন্ত দেহ। এই ঘটনায় সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে উত্তেজনা ছড়ায়।
হাসপাতাল ভাঙচুর করেন মৃতের পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে, মৃত বছর ২১-র অনুশ্রী মাল। জানা গিয়েছে, বুধবার রাত প্রায় ৮টা নাগাদ তিনি ডিউটিতে যোগ দেন। বৃহস্পতিবার সকালে হাসপাতালের তিন নম্বর কেবিনের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে সন্দেহ হয় কর্মীদের। পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে অনুশ্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় সিউড়ি থানার পুলিশকে। কী কারণে এই মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়।
অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর নার্সিংহোমে ভাঙচুর করেন মৃতের আত্মীয়রা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
