
ছত্তীশগঢ়ের ভিলাইয়ে নিজের ঘরে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছুরিকাঘাতে ১৯ বছর বয়সি এক নার্সিং ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত তরুণী খুশি সাহু। তিনি বেমেতারা জেলার কুমহি গ্রামের বাসিন্দা। খুশি প্রায় ১৫-২০ দিন আগে নার্সিং পড়তে ভিলাই এসেছিলেন।
একটি বেসরকারি নার্সিং কলেজে পড়াশোনা করার পাশাপাশি পড়াশোনার খরচ জোগাতে বৈশালী নগরের ফ্রেন্ড্স ক্যাফে’তে কাজ করতেন। রামনগরের একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। পাঁচ দিন আগে তাঁর গ্রামের এক বান্ধবীও ভিলাই এসে তাঁর সঙ্গে থাকতে শুরু করেছিলেন।
পুলিশ জানিয়েছে, হামলাকারী যখন ঘরে ঢোকে, তখন খুশি সেখানে একাই ছিলেন। তাঁর বন্ধু তখন বাথরুমে গিয়েছিলেন। অভিযুক্ত একটি ধারালো অস্ত্র দিয়ে খুশিকে আক্রমণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাঁর পেট, পিঠ ও হাতে অন্তত ১০ বারের বেশি ছুরিকাঘাত করা হয়েছিল। খুশির বন্ধু ফিরে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখলে হত্যাকাণ্ডটি প্রকাশ্যে আসে। তিনি সঙ্গে সঙ্গে বাড়ির মালিককে খবর দেন। গুরুতর আহত অবস্থায় খুশিকে সুপেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
