
মেটা’র কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সাপোর্ট চ্যাটবটকে বোকা বানিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার হোয়াইট হাউস অ্যাকাউন্টসহ বেশ কিছু নামী ইনস্টাগ্রাম প্রোফাইল দখল করেছে হ্যাকাররা।
নিরাপত্তা গবেষকদের রিপোর্টের পর মেটা এ মারাত্মক ত্রুটিটি সমাধান করার দাবি করলেও এ ঘটনার ফলে অ্যাকাউন্ট সুরক্ষায় এআইয়ের নির্ভরযোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা তাদের ইউজারদের সহায়তার জন্য একটি এআই সাপোর্ট চ্যাটবট চালু করেছিল।
তবে হ্যাকাররা চতুরতার সঙ্গে এআই চ্যাটবটটিকে বোকা বানিয়ে বেশ কিছু প্রভাবশালী ও সাধারণ মানুষের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।সাইবার নিরাপত্তা গবেষকরা এ মারাত্মক ত্রুটিটি সবার সামনে নিয়ে আসার পর আনুষ্ঠানিকভাবে মেটা এ সমস্যার সমাধান করার কথা বলেছে। বলা হচ্ছে,হ্যাকারদের এ হামলার পরিধি ছিল বেশ বড়। তারা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার হোয়াইট হাউস অ্যাকাউন্ট থেকে শুরু করে নামী কসমেটিকস ব্র্যান্ড সেফোরা ও মার্কিন স্পেস ফোর্সের চিফ মাস্টার সার্জেন্টের অ্যাকাউন্টের মতো সুরক্ষিত প্রোফাইলও হ্যাক করেছে।








