
ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলার শুনানি হয়নি সুপ্রিম কোর্টে। সোমবার বেলা ১১টা নাগাদ প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চে ওই মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সময়ের অভাবে প্রথমার্ধে মামলাটির শুনানি হয়নি। দ্বিতীয়ার্ধে অন্য মামলার শুনানিতে ব্যস্ত হয়ে পড়েন প্রধান বিচারপতি। অগত্যা সোমবার ওবিসি মামলার শুনানি হয়নি।
ওবিসি সংক্রান্ত জটিলতার জেরে দীর্ঘ দিন ধরে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ আটকে ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মিলতেই গত ২২ অগাস্ট প্রকাশিত হয়েছে রাজ্য জয়েন্টের ফল। তবে ওবিসি নিয়ে সামগ্রিক জটিলতা এখনও কাটেনি। ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে আরও কয়েকটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সোমবার সেই মামলা গুলিরই শুনানি হওয়ার কথা ছিল শীর্ষ আদালতে। চলতি সপ্তাহে ফের ওই মামলা শুনানির জন্য উঠতে পারে। আগামী সপ্তাহে ওবিসি-র মূল মামলাটির শুনানিও রয়েছে। ২০২৪ সালের ২২ মে কলকাতা হাই কোর্টে ২০১০ সালের পরে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মাম্বার ডিভিশন বেঞ্চ।
উল্লেখ্য, ২০১০ সালের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ৬৬টি জনগোষ্ঠীকে ওবিসি বলে ধরা হত। ২০১০ সালে তৎকালীন বাম সরকারের আমলে আরও ৪২টি এবং ২০১২ সালে তৃণমূল সরকারের আমলে ৩৫টি জনগোষ্ঠীকে নতুন করে ওবিসি বলে চিহ্নিত করা হয়। সেই সব ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় হাই কোর্ট। বলা হয়, সামাজিক, আর্থিক এবং পেশাগত ভাবে সব জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করতে হবে।
