মোদীকে নিয়ে আপত্তিকর পোস্ট, তথ্য তলব

0
13
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

নিট বিক্ষোভের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট এবং ভিডিয়ো নিয়ে নতুন পদক্ষেপ করল দিল্লি পুলিশ। বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, কিছু নিউজ পোর্টালকে নোটিস ধরিয়েছে তারা।

এ ছাড়া এক্স-কেও নোটিস পাঠিয়ে আপত্তিকর পোস্টের অ্যাকাউন্টগুলি সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। একটি অভিযোগের ভিত্তিতে এফআইআর-ও করেছে দিল্লি পুলিশ।সূত্রের খবর, ওই অভিযোগপত্রে বলা হয়েছে, প্রধানমন্ত্রীকে নিশানা করে অসম্মানজনক এবং আপত্তিকর পোস্ট এবং ভিডিয়ো এখনও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এগুলি দ্রুত সরানো প্রয়োজন। সেই অভিযোগ পাওয়ার পরই এক্স-কে নোটিস পাঠায় দিল্লি পুলিশ। এই ধরনের পোস্টগুলি দ্রুত সরাতে বলা হয়েছে তাদের। শুধু তা-ই নয়, যে সব এক্স অ্যাকাউন্ট থেকে এই ধরনের আপত্তিজনক মন্তব্য, ভিডিয়ো পোস্ট হয়েছে, সেই সব অ্যাকাউন্ট হোল্ডারদের সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। সেই সব ব্যক্তির নাম, ঠিকানা, লগইন, লগআউটের তথ্য চেয়ে এক্স-কে নোটিস পাঠিয়েছে দিল্লি পুলিশ। তবে, কতগুলি এক্স অ্যাকাউন্ট হোল্ডারকে নোটিস পাঠানো হয়েছে, সেই সংখ্যাটি স্পষ্ট নয়।

রিপোর্ট অনুযায়ী, সোশ্যাল মিডিয়া পোস্ট, ভিডিয়ো, কমেন্ট,সব কিছু খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, যন্তর মন্তরে নিট-বিক্ষোভে জেন জি-দের নানা রকম অভিনব স্লোগান শোনা গিয়েছে, দেখা গিয়েছে নানা রকম ব্যাঙ্গাত্মক পোস্টারও। কিছু কিছু ক্ষেত্রে নিশানায় ছিলেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্র সরকার। এ ছাড়াও এই আন্দোলনকে কেন্দ্র করে নানা রকম মিমও ছড়াচ্ছে। তার মধ্যে যেগুলি আপত্তিজনক এবং প্রধানমন্ত্রীকে নিশানা করা হয়েছে, সেগুলি চিহ্নিত করে মুছে ফেলার জন্য সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে বলা হয়েছে।