
২১ জুন সব সরকারি কর্মীকে বাধ্যতামূলক ভাবে পালন করতে হবে আন্তর্জাতিক যোগ দিবস। নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। বিবৃতি জারি করে জানানো হয়েছে, ওই দিন সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত সরকারি কর্মীদের উপস্থিত হতে হবে তাঁদের সংশ্লিষ্ট দফতর, আবাসন অথবা রেড রোড বা মিলন মেলা প্রাঙ্গণে।
এ ছাড়া রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্বায়ত্তশাসিত সংস্থা এবং স্থানীয় সংস্থার কর্মীদেরও যোগ দিবস পালন করতে হবে।ওই দিন কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে পালন করা হবে যোগ দিবস। ২০১৪ সালে ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করা হয়। প্রতি বছর যোগ দিবসে দেশের বিভিন্ন প্রান্ত বা বিদেশে গিয়ে যোগাভ্যাস করেন, সেই নিয়ে বার্তা দেন প্রধানমন্ত্রী। এ বছর কলকাতায় উপস্থিত থাকবেন তিনি। এদিকে, আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। অনুষ্ঠানের প্রস্তুতি ও মহড়ার জন্য ২১ জুন পর্যন্ত রেড রোডের একাংশ বন্ধ রাখা হচ্ছে। কলকাতার একাধিক এলাকায় ট্র্যাফিক নিয়ন্ত্রণ ও রুট পরিবর্তন করা হবে বলে জানা গিয়েছে। একইভাবে ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আর প্রধানমন্ত্রীর এই হাই-প্রোফাইল সফরের আগেই শহরকে আবর্জনামুক্ত ও ঝকঝকে করে তুলতে স্বচ্ছতাকে স্বাগত শীর্ষক বিশেষ সাফাই অভিযানের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
