
আদালত থেকে বেরতেই হোঁচট, অসুস্থ হয়ে প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি হয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। ইডি, সিবিআইয়ের সামনে পড়লেই অসুস্থ হন অনেকে। ওসি-র হাসপাতালে ভর্তি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি সুকান্ত মজুমদার।
বুধবার রাতে শিয়ালদহ আদালত থেকে ফেরার পথে অসুস্থ বোধ করেন। প্রিজন ভ্যানে ওঠার সময় হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন। অসুস্থ বোধ করায় অভিজিৎ মণ্ডলকে প্রেসিডেন্সি জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই ভর্তি রয়েছেন তিনি। বুধবার শিয়ালদহ আদালতে হাজির করানো হয়েছিল অভিজিৎ এবং আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বিচারক ২ জনকেই ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন তৃণমূলের কোনও নেতার নাম যাতে সামনে না আসে সেই ভয় দেখাতেই পুলিশের মাথারা তাঁর বাড়িতে গিয়েছিলেন। নাম নিলেই তৃণমূলের লোকেরা পরিবারের ওপর হামলা করতে পারে, সেই ভয়ে অসুস্থ হয়ে থাকতে পারেন।









