বিসর্জনের শোভাযাত্রায় ওসি-কে মার, ত্রিপুরায় ধৃত ৩

0
125
ছবি সৌজন্যে : এক্স
ত্রিপুরায় কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় সাউন্ড বক্স বন্ধ করে দিয়েছিলেন ওসি। তারপর তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে।
এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুজো উদ্যোক্তাদের পাল্টা অভিযোগ তাঁদের বিসর্জনের শোভাযাত্রায় থাকা সঙ্গীত শিল্পীকে নিগ্রহ করেছেন ওই পুলিশকর্মী। জানা গিয়েছে, কালী পুজোর বিসর্জন ছিল। প্রতিমা নিরঞ্জনের জন্য বেরিয়েছিল বিরাট শোভাযাত্রা। সেখানেই একটি গাড়িতে স্টেজ বানিয়ে চলছিল গানের অনুষ্ঠান। হাজির ছিলেন সঙ্গীত শিল্পী। বাজানো হচ্ছিল সাউন্ড বক্সও। এই শোভাযাত্রার জন্য তীব্র যানজট সৃষ্টি হয়। রাস্তা ফাঁকা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা বলতে যান ওসি। সেই সঙ্গে সাউন্ড বক্স বন্ধ করতেও বলেন। ওসি- র কথায় কর্ণপাত করেননি পুজো উদ্যোক্তারা।
গাড়িতে তৈরি করা মঞ্চে উঠে ওসি নিজেই বন্ধ করে দেন সাউন্ড বক্স। এরপরেই শুরু হয় ঝামেলা। ওই গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামানো হয় পুলিশ কর্মীকে। রাস্তায় ফেলে চলে কিল, চড়, লাথি, ঘুষি। পুলিশের আক্রান্ত হওয়ার সেই ছবিও প্রকাশ্যে এসেছে। ওসি-কে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে পুজো উদ্যোক্তাদেরই একাংশের বিরুদ্ধে।