
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপে খেলার ঘোষণা করেছেন গুইলার্মো ওচোয়া। ২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যাবেন এই কিংবদন্তি গোলকিপার।
৪১ বছর বয়সী এই তারকা জানিয়েছেন,বিশ্বকাপের পর জাতীয় দলের পাশাপাশি সব ধরনের ফুটবল থেকেও বিদায় নিতে পারেন তিনি।এদিকে এবারের বিশ্বকাপে ডাক পেলে এক অনন্য মাইলফলক স্পর্শ করবেন ওচোয়া। ষষ্ঠবারের মতো বিশ্বকাপ দলে থেকে তিনি নাম লেখাবেন লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মতো মহাতারকাদের পাশে।ওদিকে মেক্সিকোর হয়ে এর আগে আন্তোনিও কারভাহাল, রাফায়েল মার্কেজ ও আন্দ্রেস গুয়ার্দাদো পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়েছিলেন।এবারের বিশ্বকাপে নামলে প্রথম গোলকিপার হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার নজির গড়বেন ওচোয়া। বর্তমানে সাইপ্রাসের ক্লাব এএল লিমানসোল এফসিতে খেলেন ওচোয়া। মেক্সিকো কোচ হাভিয়ের আগুইরে সম্প্রতি যে প্রাথমিক দল ঘোষণা করেছেন, সেখানে মেক্সিকান লিগের দুই গোলকিপারকে রাখা হয়েছে। তৃতীয় গোলকিপার হিসেবে ওচোয়ার জন্য জায়গাটি ফাঁকা রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত তিন বিশ্বকাপে গোলবারের নিচে মেক্সিকোর প্রথম পছন্দের থাকলেও এবার রাউল রাঙ্গেলের ব্যাকআপ হিসেবে দেখা যেতে পারে ওচোয়াকে। শেষ ২০২৪ সালের নভেম্বরে মেক্সিকোর জার্সি গায়ে মাঠে নেমেছিলেন গোলকিপার গুইলার্মো ওচোয়া।
