দানা আতঙ্কে ওড়িশা, পর্যটকশূন্য পুরী

0
176

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় দানা। মৌসম ভবনের পূর্বাভাস, ঝড়ের গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটারে।

পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা এবং তামিলনাড়ুর জন্য সতর্কতা জারি হয়েছে। সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় ওড়িশার উপকূলে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আগাম প্রস্তুতি। ওড়িশায় বাতিল করা হয়েছে ২০০-রও বেশি ট্রেন। পর্যটকশূন্য করে দেওয়া হয়েছে পুরী। রাজ্যজুড়ে মোতায়েন হয়েছে প্রশিক্ষিত উদ্ধারকারী দল। জগৎসিংহপুর, কেন্দাপাড়া, ময়ূরভঞ্জ, কটক, ভদ্রক এবং বালাসোরে জারি হয়েছে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। পরিস্থিতি সামাল দিতে এই ছয় জেলায় ছয় অভিজ্ঞ আইএএস অফিসারকে মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জেলায় মোতায়েন হয়েছে ২৮৮টি উদ্ধারকারী দল। ১৪ জেলায় তিন দিনের জন্য স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে বাতিল হয়েছে ২০০-রও বেশি ট্রেন। রাজ্যের ৮০০টি দুর্যোগ আশ্রয়শিবিরের পাশাপাশি ৫০০টি অতিরিক্ত শিবির তৈরি করা হয়েছে। উপকূলীয় এলাকা থেকে মানুষকে সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মৌসম ভবন জানিয়েছে, ওড়িশার জগৎসিংহপুর, কেন্দাপাড়া, ভদ্রক এবং বালেশ্বরে হাওয়ার সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে।

 

অপেক্ষাকৃত কম প্রভাব পড়বে ময়ূরভঞ্জ, পুরী, ভুবনেশ্বর, কটক, সম্বলপুরে। দানা বাঁধার আগে থেকেই এর প্রভাবে শুরু হতে পারে বৃষ্টি।

ছবি  সৌজন্যে : এক্স