
বেআইনি ভাবে কাউকে ধর্মান্তরিত করা অপরাধ। তবে তা খুন, ডাকাতি বা ধর্ষণের মতো গুরুতর অপরাধ নয়। ধর্মান্তরণ সংক্রান্ত এক মামলায় এ কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট।
উত্তরপ্রদেশের বেআইনি ধর্মান্তরণের একটি অভিযোগের শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। এর আগে উত্তরপ্রদেশের নিম্ন আদালত মামলাটি চলছিল। সেখানে জামিন পাননি তিনি। পরে অভিযুক্ত জামিন চেয়ে ইলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন। সেখানেই তাঁর আবেদন খারিজ হয়ে যায়। শেষে সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ অভিযুক্তকে জামিন দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, হাইকোর্টে জামিনের আবেদন নাকচ করার জন্য তেমন কোনও যুক্তিসঙ্গত কারণ ছিল না। এটি খুন, ডাকাতি বা ধর্ষণের মতো গুরুতর কোনও অপরাধ নয়। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, হাই কোর্টের উচিত ছিল জামিনের প্রসঙ্গে নিজস্ব বিচক্ষণতা দিয়ে বিবেচনা করা। নিম্ন আদালতের প্রসঙ্গও উঠে আসে শীর্ষ আদালতের শুনানিতে। সুপ্রিম কোর্ট বলেছে, ট্রায়াল কোর্ট জামিনের আবেদন খারিজ করেছে।
তারা খুব কমই জামিন দেওয়ার সাহস দেখায়, তা সে অপরাধই হোক না কেন। কিন্তু অন্তত হাইকোর্টের কাছে সাহস দেখানো এবং বিচক্ষণতা প্রয়োগ করা প্রত্যাশিত ছিল।





